আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অপহরণের শিকার হওয়ার দুই দিন পর ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরেছেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া গ্রামের কৃষক রিদুয়ানুল করিম মিন্টু (৩৮)।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে তিনি বাড়িতে ফেরেন। এর আগে গত রোববার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।

জানা যায়, মিন্টু নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী লংগদুরমুখ এলাকায় তামাক ও সবজি চাষ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি অপহরণকারীদের কবলে পড়েন।

বাড়িতে ফিরে বুধবার (১ এপ্রিল) সকালে এ প্রতিবেদককে মিন্টু জানান, পাঁচজন বাঙালি ও চারজন সশস্ত্র উপজাতীয় ব্যক্তি তাকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে শিকল দিয়ে বেঁধে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। অপহরণের পর তার পরিবারের কাছে প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও জানান, পরে দরকষাকষির মাধ্যমে ৮ লাখ টাকায় সমঝোতা হলে পরিবারের পক্ষ থেকে সেই টাকা পরিশোধ করা হয়। অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তার বোনের স্বামী ছুরুত আলম আত্মীয়-স্বজনের সহায়তা ও স্বর্ণালংকার বিক্রি করে মুক্তিপণের টাকা জোগাড় করেন। টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়।

মিন্টু দাবি করেন, অপহরণকারীদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অপহৃত মিন্টুর মামাতো বোন ও স্থানীয় ইউপি সদস্য কামরুন্নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, অভিযোগ পেলে অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অভিযান পরিচালনা করা হবে।