সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
বান্দরবানের আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে মার্কেটিং চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কারিতাস বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের আলীকদম উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সঞ্চালনায় এবং বান্দরবান জেলা থেকে জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (মিল) মো. ফরহাদ আজিমের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি হুমায়ন কবির উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, ২৮৮ নম্বর আলীকদম মৌজার হেডম্যান অংহ্লাচিং মার্মা এবং স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, আলীকদমে ব্যবসায়ী ও কৃষকদের বিভিন্ন মার্কেটিং চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা সমাধানে সবজি উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ সহজ করা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ জরুরি।
বক্তারা আরও বলেন, বাজারের সিন্ডিকেট ভেঙে প্রকৃত কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সঠিক সময়ে সার, বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। ডিজিটাল মার্কেটিং ব্যবস্থার মাধ্যমে কৃষিপণ্য সহজে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
