আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার ৭টি গ্রামের শত শত রোগী।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ম্রাছাঅং চাক কারবারি আদিবাসী পাড়ার কমিউনিটি সেন্টারে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতাল ও বান্দরবান জেলা ডায়াবেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয়।
চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক ও মেডিসিন কনসালট্যান্ট ডা. অংচালু। এতে অংশ নেন চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. আফরিন সুলতানা, ডা. সাইমুম নাহার, ডা. মোহাম্মদ নঈম উদ্দিন, ডা. রুবিসহ অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা।
শিবিরে আগত রোগীদের চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান।
আয়োজকরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পায়—এই লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চক্ষু সমস্যায় ভোগা মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর এবং দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আরও বেশি উপকৃত হবে।
