আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মুস্তাক আহমেদের পেট্রোল পাম্পসহ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা না রাখা, ভেজাল পণ্য বিক্রি এবং লাইসেন্স সংক্রান্ত অনিয়মের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।
