সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
“পানি ও লিঙ্গ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব পানি দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কারিতাস বাংলাদেশের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের আলীকদম উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সঞ্চালনায় এবং বান্দরবান জেলা থেকে জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (মিল) মো. ফরহাদ আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, উপজেলা মৎস্য অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মো. কফিল উদ্দিন এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, আলীকদম উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ ও ব্যবহারযোগ্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ঝিরি ও ঝর্ণাগুলো শুকিয়ে যাওয়ার কারণে এ সমস্যা আরও প্রকট হয়েছে।
তারা আরও বলেন, উপজেলায় স্থাপিত অনেক ডিপ টিউবওয়েল ও রিংওয়েলের গভীরতা কম হওয়ায় শুকনো মৌসুমে পানি পাওয়া যায় না। বৃষ্টির সময় স্থাপনের কারণে এসব পানির উৎস টেকসই হয় না। এনজিও, এলজিডি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে কাজ করলে এ সংকট অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি অকার্যকর স্থাপনাগুলো দ্রুত মেরামতের দাবি জানান বক্তারা।
