আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজারে প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত কমিটির সভাপতি মিজানুল বশরের নাম উঠে এসেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনাটি বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনের বেলায় ঘটে, যখন বাজারে স্বাভাবিক কেনাবেচা চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্র কণ্ঠ ও দৈনিক দেশবিদেশ পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সাংবাদিক আজিজুল হক রানা বেতবুনিয়া বাজারে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে মিজানুল বশর কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলার উদ্দেশ্যে তেড়ে আসে।
পরিস্থিতি আঁচ করতে পেরে সাংবাদিক রানা দ্রুত আত্মরক্ষার্থে নিকটস্থ একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি দোকানের সামনে অবস্থান নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এতে বাজারে উপস্থিত সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যেতে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মিজানুল বশর পালিয়ে যান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাংবাদিক আজিজুল হক রানাকে নিরাপদে উদ্ধার করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক আজিজুল হক রানা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ জুয়া বন্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। এ কারণে একটি চক্র ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার ওপর হামলার চেষ্টা চালিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, পুলিশি সহায়তায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
