🎓
ঢাকা, মঙ্গলবার (২৪ মার্চ): বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের এই সুবিধা দেওয়া হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে এই ঋণ কার্যকর করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই ঋণ সরাসরি নগদ অর্থ হিসেবে শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে না। বরং বিদেশে পড়াশোনার প্রয়োজনীয় খরচ—যেমন ভর্তি ফি, টিউশন ফি বা অন্যান্য নির্দিষ্ট পেমেন্ট—ব্যাংক সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পরিশোধ করবে।
তিনি উল্লেখ করেন, সাধারণ ব্যাংক থেকে শিক্ষা ঋণ নিতে গেলে নানা ধরনের জটিলতা ও গ্যারান্টির প্রয়োজন হয়। কিন্তু এই উদ্যোগের মাধ্যমে গ্যারান্টি ছাড়াই শিক্ষার্থীরা সহজে আর্থিক সহায়তা পাবে।
মো. নুরুল হক নুর বলেন, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ পায় এবং দেশের জন্য রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারের এই সিদ্ধান্ত দেশের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।
