সিবিএন ডেস্ক:
আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ সচিবালয়-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “আগামী বছর থেকে স্কুলের ভর্তি পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হবে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
এর আগে জাতীয় সংসদে স্কুলে লটারির মাধ্যমে ভর্তি বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার করা সম্পূরক প্রশ্নের জবাবে স্কুলে ভর্তি পরীক্ষার বিষয়টি পর্যালোচনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
সংবাদ সম্মেলনে একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্যদের নামও ঘোষণা করা হয়।
