মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি:
লামা উপজেলা-এ বন্যহাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৬০) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ত্রিশডেবা ডলুঝিরি পাড়ায়।

নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারি পাড়ার বাসিন্দা বাচিং মার্মার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ ধানক্ষেতে কীটনাশক ছিটাতে যান। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে বের হন।

রাত প্রায় নয়টার দিকে ধানক্ষেতে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে উচিংহ্লা মার্মা জানান, ধানক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণের শিকার হন তার বাবা। হাতির পদপিষ্টে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবানের পাহাড়ি এলাকায় প্রায়ই বন্যহাতির আক্রমণের ঘটনা ঘটছে, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।