নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবান জেলার লামা উপজেলার আনসার ও ভিডিপি’র প্লাটুন কমান্ডার হাফিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অর্থ আতœসাৎ, জায়গা জবর দখল ও হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার গজালিয়া ইউনিয়ন আনসার ও ভিডিপি’র সদস্যরা সোমবার বিকালে (১৬ ফেব্রুয়ারী) গজালিয়া বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- আনসার ও ভিডিপি’র সদস্য মো. রহমত আলী। এ সময় আনসার ও ভিডিপি’র নায়ক মো. হামিদুর রহমান, সাবেক কমান্ডার মো. বাবু মিয়া ও সাবেক সদস্য মো. আব্দুল হামিদসহ ১৬ জন ভুক্তভোগী সদস্য উপস্থিত ছিলেন। অভিযুক্ত হাফিজুর রহমান গজালিয়া ইউনিয়ন আনসার ও ভিডিপি’র প্লাটুন কমান্ডার।
সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গজালিয়া ইউনিয়ন আনসার ও ভিডিপির প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান তার অর্পিত ক্ষমতা অপব্যবহার করে চাকরী ও পদবী দেওয়ার নামে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে অর্থ হাতিয়ে নিয়ে অর্থ আত্মসাৎ করেন। এছাড়া তিনি ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে নিয়ম বহির্ভূতভাবে সদস্যদের প্রশাসনিক বিধি লঙ্ঘন করে চাকরী থেকে অব্যাহতি প্রদান করে আসছেন। শুধু তায় নয়, প্লাটুনের জায়গা জবর দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার ও প্লাটুনের আওতাধীন বিভিন্ন স্থানে রোপিত মূল্যবান গাছ চুরি করে কেটে বিক্রি করে ক্ষতি করেছেন। লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়- প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান সদস্যদের সাথে অশোভন আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহার করেছেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীদের সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজী করে আনসার ভিডিপির সম্মান ক্ষুন্ন করে আসছেন। আবার কখনো নিজেকে মানবাধিকার কর্মী ও দুর্নীতি তথ্য প্রকাশকারী ও সাংবাদিক পরিচয় দিয়েও তিনি মানুষকে হয়রানী করে আসছেন। তাই উল্লেখিত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান জেলা প্রশাসক বরাবরে জোর দাবী জানান- ভুক্তভোগী আনসার ও ভিডিপি সদস্যরা। তবে সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী করেন, অভিযুক্ত প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান। তিনি বলেন, একটি চক্র আমাকে ব্যবহার করে অবৈধ সুবিধা নিতে না পেরে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
