নিউজ রিপোর্ট :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া নারী বিদ্বেষী পোস্টের ঘটনায় আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনাইদ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য সংবলিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়, আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।

এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।