সিবিএন ডেস্ক:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নজরদারিতে ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করেছে সরকার।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক টিপু সুলতানকে।
সোমবার (১৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং সরকারি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। এসব নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা পরিবীক্ষণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
নির্দেশিকা পরিপন্থী, আপত্তিকর, বিভ্রান্তিকর বা অসত্য কোনো স্ট্যাটাস, মন্তব্য, ছবি, ভিডিও, পোস্ট কিংবা অন্য কোনো কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা প্রচারের বিষয়টি নজরে এলে তা সংরক্ষণ করে দ্রুত কমিটির আহ্বায়কের কাছে পাঠাতে বলা হয়েছে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীর নাম, পদবি ও কর্মস্থল, ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা প্রোফাইলের লিংক, পোস্ট প্রকাশের তারিখ ও সময় এবং পোস্টের স্ক্রিনশটসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ পাঠাতে হবে।
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের তথ্য-প্রমাণ অগ্রাধিকার ভিত্তিতে কমিটির আহ্বায়ক অধ্যাপক টিপু সুলতানের কাছে পাঠাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, এসব তথ্য কমিটির আহ্বায়কের ই-মেইল ঠিকানা director.mew@gmail.com-এ পাঠাতে হবে।
চিঠিটির অনুলিপি মাউশির সব পরিচালক, আঞ্চলিক পরিচালক, অধ্যক্ষ, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এবং মহাপরিচালকের পিএসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
