বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার দরগাহ পাড়া এলাকায় কলেজছাত্রীসহ নারী-পুরুষের ওপর হামলার ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন সন্ত্রাসী ওবাইদুল করিম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে দরগাহ পাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গত ২৩ মার্চ কক্সবাজার সদরে দরগাহ পাড়া এলাকায় বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে সন্ত্রাসীদের হামলা শিকার হন কলেজ পড়ুয়া শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে ওবাইদুল করিম ও তার ভাই রাইহানের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। এই সময় বড় ভাই হাফিজুল করিমের স্কুলপড়ুয়া মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে আহত কিশোরীকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী। এ সময় তাকেও বাধা দেওয়া হয় এবং সন্ত্রাসীদের মারধরের শিকার হতে হয়। এ ঘটনায় নারী-পুরুষসহ কয়েকজন আহত হন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই সময় অভিযুক্ত রাইহানকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও ওবাইদুল করিম দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করল পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, ওবাইদুল করিম এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

আহত কলেজছাত্রী জানান, ভাগ্নিকে উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তায় চিকিৎসা নিতে সক্ষম হন। ঘটনার পরও একটি পক্ষ মীমাংসার নামে চাপ প্রয়োগের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগীরা।

ওবাইদুল করিমের গ্রেফতারের মধ্য দিয়ে দীর্ঘদিনের পলাতক থাকার অবসান হলেও ভুক্তভোগীরা এখন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।