ইমাম খাইর, সিবিএন:
মুখে মদিনার ইসলামের কথা বলবেন আর কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন না, তা মেনে নেওয়া হবে না। সব মতবাদ দেখা হয়ে গেছে। আধিপত্যবাদীদের সময় শেষ। ইসলামের বিজয় শুরু হয়েছে।
ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজারের উদ্যোগে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রথম দিনের আলোচনায় ঢাকার প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা রেজাউল করিম আবরার এসব কথা বলেন।
শুক্রবার (৬ নভেম্বর) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলনে তিনি বলেন, একটা শ্রেণি আলেম-ওলামা থেকে ইসলাম না শিখে সরাসরি কুরআন হাদিস থেকে শেখার কথা বলেন। এসব কথা মানে সাহাবী, খলিফা, ইমাম অমান্য করা। যারা বাংলা বই পড়ে আলেম সেজে ফতোয়া দেয় তারা বড় গুমরাহ।
মাওলানা রেজাউল করিম আবরার বলেন, নবীর পরে আর কোন নবী যেহেতু আগমন করবেন না, তাই আলেমদের নিকট থেকে হেদায়েতের বাণী, ইসলাম শিখতে হবে।
ইসলাম ছাড়া দুনিয়ার সমস্ত মতবাদ ভ্রান্ত। পবিত্র কুরআনের আদর্শ ছাড়া অন্য কোন পন্থা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। তাই জান্নাত পেতে হলে ইসলামের সুশীতল ছায়ার কোন বিকল্প নাই।
এডভোকেট হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর ও মুফতি দেলোয়ার হোছাইনের সঞ্চালনায় মহাসম্মেলনের প্রথম দিনে আলোচনা করেন, ঢাকার প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা জোবাইর হোসাইন কাসেমী, মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী ও চট্টগ্রাম আগ্রাবাদ জামে মসজিদের খতিব মাওলানা রিদওয়ানুল কাদির।
বক্তাগণ বলেন, শুধু ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আকিদা পরিশুদ্ধ করতে হবে। রাসুল (স.) জান্নাতি দলের দুইটি মার্কা দিয়েছেন। যাদের আকিদা-বিশ্বাস নবীর আদর্শ এবং মাধ্যম হবে সাহাবায়ে কেরাম, তারাই জান্নাতি।
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মুহছেন শরীফের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে দেশ বরেণ্য আলেমগণ আলোচনা করেন।
দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে রয়েছেন পাকিস্তানের বিখ্যাত আলেমেদ্বীন আল্লামা হাফেজ মুফতি আওরঙ্গজেব ফারুকী।
আলোচনা করবেন, লন্ডনের ইজেএম একাডেমির প্রিন্সিপাল ও এসেক্স জামে মসজিদের খতীব আল্লামা ড. মাহমুদুল হাসান আযহারী, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, ঢাকার প্রসিদ্ধ আলেমেদ্বীন আল্লামা খুরশিদ আলম কাসেমী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, টেকনাফের আল্লামা মুফতি কেফায়তুল্লাহ শফিক ও চট্টগ্রাম হাটহাজারীর আল্লামা আনোয়ার শাহ আযহারী।
