এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া
কক্সবাজারের উখিয়ায় তিন মাসে বিভিন্ন অপরাধে জড়িত ৬০৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ১৪টি অপহরণ মামলায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আরও ৪৬ জনকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধারের ঘটনা ঘটে। গতকাল রোববার (১ নভেম্বর) থানা সূত্রে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৮৯ জন নিয়মিত মামলার আসামি, ২৩৯ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, ৬১ জন মাদক কারবারি এবং ৬৭ জন কিশোর গ্যাংয়ের সদস্য। এ ছাড়া মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৩২ জনসহ বিভিন্ন অপরাধে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপহরণ মামলার মধ্যে শিশু অপহরণের ১০টি মামলায় ১১ জন এবং ব্যক্তি অপহরণের চারটি মামলায় ছয়জনকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৪টি মামলায় ১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৬৮টি ইয়াবা বড়ি, ১১৮ দশমিক ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৩ কেজি গাঁজা। মাদক পরিবহনে ব্যবহৃত চারটি টমটম ও একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
এ ছাড়া অভিযানে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। চোরাচালানবিরোধী অভিযানে ৫৪ বস্তা সার ও ২ হাজার ইনজেকশন জব্দের তথ্য জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে আরও জানা যায়, তিন মাসে উখিয়া থানায় ২৬৩টি জিআর মামলা হয়েছে। একই সময়ে নিষ্পত্তি হয়েছে ২৫৭টি মামলা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধ দমন, অপহৃত ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা-পুলিশ।
