নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ ও তাঁর নাম মুছে ফেলার চেষ্টার অভিযোগে কয়েকজন আওয়ামীপন্থী পেশাজীবী ও সাংবাদিককে গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আহত জুলাই যোদ্ধা ওমর ফারুকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে এ স্মারকলিপি দেন।

সোমবার দুপুরে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এ সময় জুলাই যোদ্ধা ওমর ফারুক বলেন, “মহান মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেলার চেষ্টা গত ১৬ বছর ধরে করেছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের কয়েকজন আওয়ামীপন্থী পেশাজীবী ও সাংবাদিক জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ এবং তাঁর নাম পরিবর্তনের চেষ্টা চালিয়েছেন বলে সংবাদপত্রে প্রকাশিত তথ্য থেকে জানা যায়।”

তিনি আরও বলেন, “এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছি। এ দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। আশা করি, প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।”