আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর অভিযানে উদ্ধার করা প্রায় ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা মূল্যের ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর সার্বিক ব্যবস্থাপনায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর অধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, জি; রামু সেক্টরের সেক্টর কমান্ডার; ৩৪ বিজিবির অধিনায়ক; বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি আরও জানায়, গত এক বছরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সর্বমোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে। এ সময় ২৮৫ জন আসামিকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক প্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আগামী দিনগুলোতে অভিযান আরও কঠোর ও কার্যকর করার কথাও জানিয়েছে বাহিনীটি।
