পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে অমল ধর (৩৮) নামে এক জুয়েলারি দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টইটং বাজারের এমডি জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

আটক অমল ধর পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের উত্তর নাথপাড়ার মৃত চিত্তরঞ্জন ধরের ছেলে।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, ঘটনার সময় দোকানের ভেতর থেকে কিশোরীর চিৎকার শুনে কয়েকজন ব্যবসায়ী সেখানে যান। পরে কিশোরী দোকান থেকে বের হয়ে ওই কর্মচারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরী ও অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, অসুস্থ বাবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইতে ওই কিশোরী দোকানটিতে গিয়েছিল। একপর্যায়ে তাকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

টইটং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সদস্য হেলালসহ কয়েকজন ব্যবসায়ী জানান, দোকানের ভেতর থেকে চিৎকার শুনে তাঁরা সেখানে প্রবেশ করেন। তাঁদের ভাষ্য, এ সময় তাঁরা কিশোরীকে দোকান থেকে বের হতে এবং অভিযুক্ত কর্মচারীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। কিশোরী যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, জুয়েলারি দোকানের কর্মচারী অমল ধরের বিরুদ্ধে এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কিশোরী ও অভিযুক্ত ব্যক্তিকে থানায় আনা হয়েছে। কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।