সিবিএন ডেস্ক:
কক্সবাজারের রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড় থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল, উখিয়া ও পানেরছড়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী এবং স্পেশাল ফোর্সের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশের পাহাড় থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বে চক্রটি বালু উত্তোলন করছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কক্সবাজার জেলা যুবদলের ফরিদ নামের এক নেতা বালুমহালটি ইজারা নেওয়ার পর স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বাধীন একটি চক্রকে বালু উত্তোলনের দায়িত্ব দেন। এরপর ওই চক্রটি ইজারার শর্ত ও প্রচলিত নিয়ম লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে পাহাড় থেকে বালু উত্তোলন করে আসছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।
রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু বলেন, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
