সিবিএন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে পূর্ববিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—সিকদারপাড়া এলাকার মৌলভী গফুরের ছেলে হেলাল এবং পানছড়িপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৌলভী গফুরের পরিবার এবং পানছড়িপাড়া এলাকার আলী আহমদ ওরফে আলু গোলার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে রোববার দুপুরে আলমগীর ও হারুনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আলী আহমদ ওরফে আলু গোলার ছেলে তোফায়েল ও আলমগীর গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে হারুন ও হেলাল গুলিবিদ্ধ হন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সাবরাং এলাকায় গুলিবর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
