নাছির উদ্দিন সোহেল, সিবিএন:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহশিক্ষা কার্যক্রমের আওতায় কক্সবাজার জেলা ইউনিটের অধীন কক্সবাজার সিটি কলেজ রেড ক্রিসেন্ট টিমের সদস্যদের নিয়ে আয়োজিত রেড ক্রস/রেড ক্রিসেন্ট বেসিক ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

২, ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের রেড ক্রস/রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক বিষয়, মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবা এবং প্রাথমিক চিকিৎসার বিভিন্ন দিক সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী, কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান এবং রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জৈবনেচ্ছা।

প্রশিক্ষণের সমাপনী বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। প্রাথমিক চিকিৎসার মতো বাস্তবমুখী প্রশিক্ষণ শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে সহায়তা করবে।

কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান বলেন, রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য মানবতার সেবা। শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবার মানসিকতা তৈরি হলে দুর্যোগ ও সংকটের সময়ে তারা সমাজের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের মানবিক কাজে আরও দক্ষ ও প্রস্তুত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য শরিফুল হাসান, শফিউল করিম, নুগাইরা ইসলাম, মনির আলম ও মো. ছোট।

প্রশিক্ষণে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের মৌলিক কৌশল, মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার গুরুত্ব এবং দুর্যোগ ও সংকটকালীন সময়ে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণের বিভিন্ন ধাপে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার মানসিকতা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক সহায়তা প্রদানের সক্ষমতা গড়ে তুলতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য কলেজ কর্তৃপক্ষ, প্রশিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জৈবনেচ্ছা।