অনলাইন ডেস্ক:

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইজির আখড়াবাড়িতে ব্যক্তিগত সফরে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাকে বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মাজারের প্রবেশ গেটে এ ঘটনা ঘটে।

ঘটনার তথ্য:
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় এসেছিলেন এবং সফরের বিষয়ে পুলিশকে আগে থেকে কিছু জানাননি। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

রাত ৮টার দিকে মাজার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা গেট আটকে অবস্থান করছেন। ভেতরে নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির নেতাকর্মীরা ছিলেন। কয়েক মিনিট পর পুলিশ সদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে মাজার থেকে বের করে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজ জানান, সন্ধ্যা ৬টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মেলার মাঠে ঘুরতে আসেন। পরে মাজারে প্রবেশের সময় হামলার ঘটনা ঘটে।

হামলার অভিযোগ:
প্রত্যক্ষদর্শীর দাবি, একদল যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম এবং তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় কুষ্টিয়া পৌর ছাত্রদলের নেতা সংগ্রাম ও তার অনুসারীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি।

তিনি বলেন, ‘ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাস করে না। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে হামলার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। মাজারের ভেতরে অবস্থানকালেও তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।