মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেছেন, কিডনি রোগীদের ডায়ালসিস করার জন্য আর ঢাকা-চট্টগ্রাম দৌঁড়াতে হবেনা। কক্সবাজার জেলা সদর হাসপাতালে আগামী ২ মাসের মধ্যে কিডনি ডায়ালসিস সেন্টার চালু করা হবে। যাতে কিডনি রোগীরা সহজে ও সুলভে কিডনি ডায়ালসিস সেবা পেতে পারেন। এজন্য প্রাথমিক পর্যায়ে ১০ সেট ডায়ালসিস যন্ত্রপাতি কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থাপন করা হবে।
অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি’র দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি সমম্বয়ের লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এ তথ্য জানান। তিনি আরো জানান, সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে এখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি বলেন, দেশের সকল জেলা সদর হাসপাতাল ও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও পর্যায়ক্রমে সরকারের কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিশেষ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু এমপি। সভায় অন্যান্যদের মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, পুলিশ সুপার এ, এন, এম সাজিদুর রহমান, ডিজিএফআই এর কক্সবাজার অফিস প্রধান কর্নেল আযাদ, এনএসআই এর যুগ্ম পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার নাজমুল ইসলাম ভুঁইয়া, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি, কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. মং টি নিও, সিভিল সার্জন ডা. মো: ছাবের আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ সভাপতি এম. আর মাহবুব, দৈনিক ইনকিলাব এর ব্যুরো চীফ শামসুল হক শারেক সহ সরকারি ও শায়িত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসংগত, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সংসদ সদস্য হওয়ার পর পরই কক্সবাজার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে অনুরোধ জানিয়ে ডিও লেটার দেন।
