এম.এ আজিজ রাসেল, সিবিএন
কক্সবাজারকে পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
বুধবার (২১ অক্টোবর) সরকারি সফরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ গুরুত্বারোপ করেন।
সভায় কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় কক্সবাজারের ভূমির পরিকল্পিত ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটননির্ভর টেকসই উন্নয়নসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি চলমান প্রকল্পগুলোর যথাসময়ে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
মতবিনিময় সভায় কউকের সদস্য (প্রকৌশল) লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত, সচিব (উপসচিব) সানজিদা বেগমসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা এবং কক্সবাজার গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্থানীয় কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম ও সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।
পরে কউকের স্বপ্নচূড়া আবাসিক এলাকায় বৃক্ষরোপণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
