জসিম উদ্দিন টিপু, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা পাঁচজনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র সমুদ্রপথে কয়েকজনকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার রাতে মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকারী দল নুরুল কবিরের বসতবাড়ির সামনের সড়কের কাছাকাছি এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত মানবপাচারকারী চক্রের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিক-বিদিক ছুটে পালিয়ে যায়।

পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা পাঁচজনকে উদ্ধার করেন। একই সময় ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মিনি বাজার এলাকার বাসিন্দা সিফাত, সাইফুল ইসলাম ও শামীম এবং টেকনাফ সদর উপজেলার গোদারবিল এলাকার বাসিন্দা আব্দুল হামিদ রয়েছেন। উদ্ধার হওয়া পঞ্চম ব্যক্তির নাম র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এদিকে, টেকনাফ উপকূলকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সক্রিয় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে মানবপাচার ঠেকাতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

র‌্যাব-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য জানান।