আজিজুর রহমান রাজু;
কক্সবাজারের আলোচিত ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় মো. ইমাম হোসাইন (৩২) নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইমাম হোসাইন ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে।
এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল শনিবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে পশ্চিম হাসনাকাটা এলাকায় ‘হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ’ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ইমাম হোসাইন গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকায় সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, জঙ্গিবাদ, মাদক ও অস্ত্র উদ্ধারের মতো অপরাধ দমনে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদা জানান, ঈদগাঁও-ঈদগড় সড়কের ডাকাতির মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
