প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্মের (সিসিপিপি) ৬ষ্ঠ সাধারণ সভা মঙ্গলবার শহরের হোটেল সি গালে অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিশু সুরক্ষায় কাজ করা ১৬টি আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে ছিল সেভ দ্য চিলড্রেন, ব্র্যাক, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ অন্যান্য সংস্থা।

জেলা শিশু কল্যাণ বোর্ডের দিকনির্দেশনায় পরিচালিত সিসিপিপি ক্যাম্পের বাইরে বসবাসকারী বাংলাদেশি শিশুদের সুরক্ষায় কাজ করা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, সেবার ঘাটতি চিহ্নিত করা এবং একই কাজের পুনরাবৃত্তি কমাতে কাজ করে।

সভায় কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ বলেন, শিশুদের সমস্যাগুলো জটিল ও পরস্পর সম্পর্কিত। এসব সমস্যা সমাধানে শুধু সরকারের পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় পথশিশু জরিপের ফলাফল ও শিশুদের পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি বিভিন্ন উপকমিটি গঠন এবং সেগুলোর দায়িত্ব ও কাজের ক্ষেত্র নির্ধারণ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।