ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাট এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এতে শিশুটির গো’পনাঙ্গে গু’রুতর জখম হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলামাবাদ ৯নং ওয়ার্ডের রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দু শুক্কুর স্থানীয় গুরা মিয়ার ছেলে।
শিশুটির পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যান শুক্কুর। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর শিশুটির গোপনাঙ্গে গুরুতর জখমের বিষয়টি সামনে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদনেও ঘটনার বিষয়ে তথ্য উঠে এসেছে।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা বলেন, আমার মাত্র চার বছরের ছোট্ট মেয়েটির সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তার গো’পনাঙ্গে গুরুতর জখম হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিতে হয়েছে। অভিযুক্ত যেন কোনোভাবেই পার পেয়ে না যায়। এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন, আমি একজন আইনজীবীর কাছ থেকে বিষয়টি জেনেছি। এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি।
গজালিয়া ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম বলেন, চার বছরের একটি নিষ্পাপ শিশুকে ঘিরে এমন গুরুতর ঘটনার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। ওসিকে বারবার বলার পরও বিষয়টিকে গুরুত্ব দেননি।
অভিযুক্ত আব্দু শুক্কুরের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযোগ দায়েরের এক দিন পার হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তকে আইনের আওতায় আনতে হবে।
চার বছর বয়সী শিশুকে ঘিরে এমন গুরুতর অভিযোগে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।
ঈদগাঁওতে চকলেট দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
