প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যাশা

সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মনোনীত করায় বাইশারীতে আনন্দ মিছিল

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬ ০৭:০৯

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মনোনীত করায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় বাইশারী বাজার চত্বর থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলে বাইশারী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক আবদুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামের মানুষের উন্নয়ন, অধিকার ও কল্যাণে কাজ করে আসছেন। তাঁকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মনোনীত করায় পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে বলে আমরা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় এ অঞ্চলের জন্য একজন অভিজ্ঞ ও স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় বান্দরবানসহ তিন পার্বত্য জেলার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ে আরও গুরুত্ব পাবে বলে আমরা আশা করছি।

আনন্দ মিছিলকে কেন্দ্র করে বাইশারী বাজার এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিলের ব্যানারে সাচিং প্রু জেরীকে ‘বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য’ হিসেবে উল্লেখ করে তাঁকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছব্বির আহমেদ, বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম মেম্বার, যুবদল নেতা জাহিদুল আলম রুবেল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইসমাইল, ওবায়দুল করিম, ছাত্রদল নেতা মোস্তফা কামাল, সাহরিয়ার সিহাব প্রমুখ।