সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:
বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) আলীকদম উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা।
বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস. এম. জিয়াউদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, চ্যানেল আইয়ের বান্দরবান জেলা প্রতিনিধি ও সমাজসেবক সাংবাদিক মো. ইসমাইল হাসান, বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা ইয়ংলক ম্রো, উপদেষ্টা ও আলীকদম কলেজের শিক্ষক নুরুছাফা ভূঁইয়া বাবু, কালের কণ্ঠের সহসম্পাদক ও শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আহমেদ এবং বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রানা। এ ছাড়া সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘ বসুন্ধরা গ্রুপের সহায়তায় সারাদেশে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বান্দরবান জেলার আলীকদমসহ পাঁচটি উপজেলায় এ কার্যক্রম চলছে।
প্রধান অতিথি মো. সোহেল রানা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপ তাদের ব্যবসায়িক আয়ের একটি অংশ সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করছে। বিতরণ করা সেলাই মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে নারীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এর আগে বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নগদ আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী চামুম ম্রো, শ্যামলী তঞ্চঙ্গ্যা, উপাইপ্রো মার্মা ও রুজিনা আক্তার বলেন, ‘আমরা বিভিন্ন কলেজে পড়ালেখা করি। পরিবারের অস্বচ্ছলতার কারণে পড়ালেখার খরচ ঠিকমতো জোগাতে পারি না। এই সেলাই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে নিজেদের পড়ালেখার খরচের পাশাপাশি পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারব।’
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন। পরে বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা এবং বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা বই অতিথিদের উপহার দেওয়া হয়।
