ফুলতলী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, চোরাকারবারিরা পালিয়ে গেলেও ফেলে যায় ইয়াবাভর্তি বস্তা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৯ হাজার ৯৮২ ইয়াবা উদ্ধার

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬ ০৯:৪৫ , আপডেট: ২০ আগস্ট, ২০২৬ ০৯:৫৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন ফুলতলী বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৩টার দিকে ফুলতলী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ৪৮/১ এস ও সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে শিলেরঝিড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির টহলদল ওই এলাকায় কয়েকজন চোরাকারবারিকে অবস্থান করতে দেখে তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সঙ্গে থাকা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে পাঁচটি প্যাকেটে থাকা ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ঘটনায় ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।