লামা প্রতিনিধি:
বান্দরবানের লামায় ‘৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬’, ‘১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ’, ‘২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬)’-এর বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন লামার কৃতী সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ জ উ প্রু এবং লামা মহামনি শিশু সদনের পরিচালক সিংমং। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. সোলেমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান আলী, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেদ, পিআইও মইনুল ইসলাম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব চৌধুরী মো. সুজন।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে আন্তর্জাতিক ক্রীড়াবিদ জ উ প্রু বলেন, ক্রীড়াবিদদের অর্জনের পেছনে লামা উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা বলেন, মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পরিচ্ছন্ন নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। এর মাধ্যমে সমাজের ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।
সভায় জানানো হয়, ক্রীড়ার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা এবং ক্রীড়া খাতের প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি লামার ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের কথা জানানো হয়।
আলোচনা শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তবে কোন ইভেন্টে কতজনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
