সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:
দীর্ঘ ১১ বছর পর বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের নামে জমি কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভবন নির্মাণের জন্য ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ৩১ শতক জমি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের অস্থায়ী কার্যক্রমের অবসান ঘটিয়ে স্থায়ী ভবনে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা কার্যক্রম পরিচালনার পথ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার পর নিজস্ব ভবন নির্মাণের জন্য ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ৩১ শতক জমি নির্ধারণ করা হয়। তবে নানা জটিলতার কারণে দীর্ঘদিনেও সেখানে ভবন নির্মাণ সম্ভব হয়নি। ফলে অস্থায়ী ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও নাগরিক সেবা দেওয়া হয়ে আসছিল।
অবশেষে প্রায় ১১ বছর পর ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমি কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর নিজস্ব জমিতে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশাবাদ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, একটি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা নিশ্চিত করতে স্থায়ী পরিষদ ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজস্ব ভবন নির্মিত হলে পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সাধারণ মানুষ একটি নির্দিষ্ট স্থানে গিয়ে সরকারি ও নাগরিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।
৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. কফিল উদ্দিন বলেন, “ইতোমধ্যে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের জন্য ৩১ শতক জমির বায়নামা করা হয়েছে। জমি কেনার জন্য ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। জমির বাকি টাকা বিভিন্নজনের সহযোগিতায় পরিশোধ করা হবে।”
দীর্ঘ প্রতীক্ষার পর নিজস্ব জমিতে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। দ্রুত নির্মাণকাজ শুরু করে ভবনটি চালু করা হলে নয়াপাড়া ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন তারা।
