সংবাদদাতা:
​কক্সবাজারের ঈদগাঁওতে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরার জেরে অনলাইন নিউজ পোর্টাল ‘ঈদগাঁও টিভি’র প্রধান সম্পাদকসহ ৮ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলাটি করেছেন পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী।
মামলার আসামিপক্ষের দাবি, আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ এই দোসর নিজের নানা অপকর্ম ও বিগত দিনের রাজনৈতিক অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করার আক্রোশ থেকেই ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে এই সাজানো মামলা দিয়েছেন। এর মাধ্যমে রাজপথের পরীক্ষিত রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি ও চাপের মুখে রাখার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তারা।
​মামলার বিবরণে জানা যায়, এতে মোট ৮ জনকে সুনির্দিষ্টভাবে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিপক্ষের দাবি করা সাংবাদিক ও রাজনৈতিক পরিচয়সহ তালিকাভুক্ত ব্যক্তিরা হলেন অনলাইন নিউজ পোর্টাল ঈদগাঁও টিভির প্রধান সম্পাদক, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জালালাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল করিম, ভারুয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে সক্রিয় থাকায় রাজনৈতিক মামলার শিকার হওয়া আবদুর রহমান আজাদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক নুরুল আবছার, সাবেক ছাত্রদল নেতা ও রামু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন জাহান, পালং খালী ইউনিয়ন ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক সাহাব মাহবুব (সাহাব উদ্দীন), এ টি এম আমান উল্লাহ, মালয়েশিয়া প্রবাসী মো. মোরশেদ খান ও জহির উদ্দিনসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।”
​আসামিপক্ষ আরও অভিযোগ করেছে যে, মামলার বাদী আবু তৈয়ব অতীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন এবং বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে খোলস পাল্টে নতুন রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠার পাঁয়তারা চালাচ্ছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ও প্রমাণ ছড়িয়ে পড়ার পরও সত্য প্রকাশ করায় তাঁকে ও বিএনপি নেতাকর্মীদের ঘায়েল করতে এই মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
​এদিকে, পতিত সরকারের দোসর কর্তৃক ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঈদগাঁও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি ঈদগাঁওয়ের কর্মরত সাংবাদিক সমাজও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
​নেতৃবৃন্দ ও সাংবাদিকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যাসিবাদের দোসররা ভোল পাল্টে এ ধরনের ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন মামলা দিয়ে সত্যের মুখ বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না হলে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।