নিজস্ব প্রতিবেদক;

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) নগরের নতুন ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি নদীর তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি আব্দুর রব বলেন, উদ্ধার হওয়া নারী মধ্যবয়সী। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটির বাম পা ভাঙা এবং গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করা হবে।

ওসি বলেন, ওই নারী কীভাবে নদীতে এলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।