নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীতে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় চক্রটির মূলহোতা সাজু মিয়া (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারের পর সাজু মিয়া আদালতে হাজির হয়ে মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কে.সি. দে রোডের শহীদ মিনারের আন্ডারগ্রাউন্ড থেকে ব্যবসায়ী পুলক দাশকে (৪৫) ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র।
এ সময় তার কাছ থেকে স্বর্ণ বিক্রির নগদ ১৭ লাখ ৯০ হাজার ৫২০ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মোট প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৬৫০ টাকা মূল্যের মালামাল লুট করা হয়।
পরে পুলক দাশের মুখ বেঁধে একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। একপর্যায়ে তাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী পুলক দাশ ২০২৪ সালের ৮ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।
পুলিশ সুপার এস. এম. রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় গত ১৬ আগস্ট এসআই আব্দুর রশিদের নেতৃত্বে পিবিআইয়ের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সাজু মিয়াকে গ্রেপ্তার করে।
পিবিআই জানায়, গ্রেপ্তারের পর সাজু মিয়াকে আদালতে হাজির করা হলে তিনি মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্তসংশ্লিষ্টরা জানান, ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ এবং বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
