আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বড় চালান দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
তবে অভিযানের সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ইয়াবাগুলো পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তসংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী হওয়ায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। বিভিন্ন সময়ে সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে মাদক কারবারিরা ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযানে প্রায়ই বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে।
রিজিয়ন সদর দপ্তর কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর রামুর নির্দেশনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘুমধুম সীমান্তে সর্বশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
