সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মিঠুন কুমার ঘোষ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যচাষী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় আবুল বশর, ময়েচিং মার্মা ও মোবাশ্বের হোসেন—এই তিন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে স্থানীয় জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রান্তিক মৎস্যচাষীরা মাতামুহুরী নদী, খাল ও বিভিন্ন ঝিরিতে বিষ প্রয়োগ এবং বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধের দাবি জানান। একই সঙ্গে বহিরাগতদের বড় জাল ব্যবহার করে মাছ ধরার বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মৎস্যচাষীরা বলেন, অবৈধভাবে মাছ শিকারের কারণে নদী, খাল ও ঝিরির দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি জোরদারের দাবি জানান তাঁরা।
