মহেশখালী প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বড় মহেশখালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি।

অনুষ্ঠানে মহেশখালী উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর ফরিদ এমপি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একজন সাহসী নেত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, সংগ্রাম ও মানুষের প্রতি ভালোবাসা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ তাঁর জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি। আল্লাহ যেন তাঁর সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের অধিকার, ন্যায়বিচার ও দেশের কল্যাণে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

এ ছাড়া মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন।

পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং দেশের মানুষের নিরাপত্তা কামনা করা হয়।