সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:
বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে পাহাড় কাটার অপরাধে পাঁচটি ইটভাটাকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন শুষ্ক মৌসুমে ইট তৈরির প্রস্তুতির জন্য স্থানীয় কয়েকটি ইটভাটা কর্তৃপক্ষ অবৈধভাবে পাহাড় ও মাটি কাটছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৫ ধারায় পাঁচটি পৃথক মামলা করা হয়। এসব মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে পাহাড় ও মাটি কাটার অপরাধে ডিবিএম (DBM) ও ইউএমবি (UMB) ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এমএমবি (MMB), এমবিআই (MBI) ও এবিসি৪ (ABC4) নামের অপর তিনটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানও চলমান থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি লামায় পরিবেশ আইন লঙ্ঘন করে প্রায় ৪০টি ইটভাটার জন্য একটি সিন্ডিকেটের নেতৃত্বে ব্যাপকভাবে পাহাড় ধ্বংসের অভিযোগ তুলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসন এ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
