আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মুহিববুল্লাহকে মনোনয়ন দেওয়ার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় গর্জনিয়া ইউনিয়নের হিমছড়ি হামিদিয়া মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গর্জনিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম কাজল ও গর্জনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. শাহাজাহানের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নাজের হোসাইন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গর্জনিয়া ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে একজন যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে আলহাজ্ব মোহাম্মদ মুহিববুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে জুলুম, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। দলের দুঃসময়ে যারা নেতাকর্মীদের পাশে ছিলেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের মধ্য থেকেই প্রার্থী নির্বাচন করা উচিত।

সভায় উপস্থিত নেতাকর্মীরা গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মুহিববুল্লাহকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

তারা বলেন, তৃণমূলের মতামত ও নেতাকর্মীদের প্রত্যাশাকে গুরুত্ব না দিয়ে প্রার্থী নির্বাচন করা হলে নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা কঠিন হতে পারে। তাই উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে আলহাজ্ব মোহাম্মদ মুহিববুল্লাহকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, গর্জনিয়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি সুসংগঠিত করতে হলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকে সামনে আনতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রয়েছে, এমন ব্যক্তিকে প্রার্থী করা হলে বিএনপির বিজয়ের সম্ভাবনা আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় গর্জনিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।