সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম সেনা জোনের আওতাধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের একটি টহল দল কেদারঝিরি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন চংলক ম্রোকে আটক করে। পরে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশের সমন্বিত টহল দল ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করে।

আটক চংলক ম্রো কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী রিজার্ভ এলাকার মেনতাম কারবারীপাড়ার বাসিন্দা। তিনি মেনথম ম্রোর ছেলে।

অভিযানকালে ১ হাজার ১৯০ পিস অক্ষত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া কিছু ইয়াবা ভাঙা অবস্থায় পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চংলক ম্রো জানায়, ইয়াবাগুলো মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশে আনা হয়েছিল। দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে সীমান্ত অতিক্রমের পর ইয়াবার চালানটি তার কাছে পৌঁছে দেওয়া হয় বলে সে জানায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত এবং চোরাচালান নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে।

অভিযান শেষে উদ্ধার করা ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ আটক চংলক ম্রোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম সেনা জোন কমান্ডার জানান, দুর্গম সীমান্তবর্তী এলাকাকে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহার রোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আলীকদম থানার এসআই নিশাত বড়ুয়া বলেন, মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ ১৩ আগস্ট ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় করা হয়েছে।

মামলার পরবর্তী কার্যক্রমের জন্য বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আটক চংলক ম্রোকে পুলিশ পাহারায় বান্দরবান সদর আদালতে পাঠানো হয়েছে।