সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম :
বান্দরবানের আলীকদমে চাকা পাংচার হয়ে মাতামুহুরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসের হেলপার মো. হোসেন নিহত এবং চালকসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ফিটনেসবিহীন গাড়ি দিয়ে যাত্রী পরিবহনের অভিযোগও উঠেছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে আলীকদম-লামা-চকরিয়া সড়কের আলীকদম কলেজসংলগ্ন ঢালু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চকরিয়া থেকে আলীকদমগামী যাত্রীবাহী বাসটি চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া-আলীকদম কলেজসংলগ্ন ঢালু এলাকায় পৌঁছালে একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসে থাকা ১১ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রামে নেওয়ার পথে বাসের হেলপার মো. হোসেনের মৃত্যু হয়।
আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনছুর আলম বলেন, তারাবুনিয়া এলাকায় চকরিয়াগামী একটি বাসের চাকা পাংচার হয়ে দুর্ঘটনা ঘটে। এতে চালক ও হেলপারসহ ১১ জন আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন, চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আহতদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে ফিটনেসবিহীন গাড়ি দিয়ে যাত্রী পরিবহনের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
