আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা গ্রামে অবস্থিত নিবন্ধিত প্রতিষ্ঠান করলিয়ামুরা এগ্রোফার্ম সমবায় সমিতি লিমিটেড-এর মালিকানাধীন জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ আগস্ট (বুধবার) সকালে উপজেলার ২৮০ নম্বর আলীক্ষ্যং মৌজায় অবস্থিত সমিতির মালিকানাধীন জমি দখলের উদ্দেশ্যে বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা এলাকার আলী আহমেদ গুরুজ ও ছৈয়দুল আমিন ৬ জন রোহিঙ্গাসহ মোট ৯ জন শ্রমিককে সেখানে পাঠান।

খবর পেয়ে করলিয়ামুরা এগ্রোফার্ম সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আটক করেন। পরে তাঁদের বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মঞ্জুর আহসান জানান, উভয় পক্ষকে জমির মালিকানাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো পক্ষই ওই জমিতে প্রবেশ বা সেখানে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে আলী আহমেদ গুরুজ ও ছৈয়দুল আমিনের জিম্মায় আটক ৯ জন শ্রমিককে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলী আহমেদ গুরুজ বলেন, জমিটি আমার।”

অন্যদিকে, করলিয়ামুরা এগ্রোফার্ম সমবায় সমিতি লিমিটেডের দাবি, জমিটি তাদের বৈধ মালিকানাধীন এবং সেখানে অবৈধভাবে প্রবেশ করে দখলের চেষ্টা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকানা নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্ত এবং বৈধ কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে দ্রুত এ বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি হবে।