সংবাদ বিজ্ঞপ্তি:
জুলাই শহিদ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কক্সবাজার বাস টার্মিনালস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
১৫ জুলাই শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচিতে এনসিপি কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক প্রফেসর আখতার আলম, সদস্য সচিব মুহাম্মদ ওমর ফারুক, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল মোমেন খান, আরিয়ান খান ফারাবি, জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ বীর শহিদদের স্মরণে নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য মাইলফলক। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তাদের আত্মদান জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক শাসন নিশ্চিতকরণ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। একই সঙ্গে তারা শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
