নিজস্ব প্রতিবেদক;

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও চাঁদাবাজি, অস্ত্র, মাদক, মানবপাচার, ছিনতাই, ডাকাতি, চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

সিএমপি সূত্রে জানা যায়, গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

এর দুই দিন পর, ১৩ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে চকবাজার থানার চন্দনপুরা এলাকার মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়।

হামলাকারীরা অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় হামলাকারীরা অফিসের নগদ ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক অরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যায়। এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল।

ঘটনার পর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়। এরপর সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় চকবাজার থানা, সিএমপির একাধিক বিশেষ টিম এবং র‌্যাব-৭ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলায় শনাক্ত আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সিএমপির অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজি, অস্ত্র, মাদক, মানবপাচার, ছিনতাই, ডাকাতি, চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় একাধিক মামলা রয়েছে। তবে অভিযানে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলমান থাকায় তার ছবি প্রকাশ করা হয়নি।