এম. মনছুর আলম, চকরিয়া:
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের দেশব্যাপী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নবগঠিত মাতামুহুরী উপজেলার পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.এস.এম. মনির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন টিপু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণ ও তার পরিচর্যায় উৎসাহিত করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সরকারের একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় পাহাড় নিধন, পাথর উত্তোলন, বন উজাড় ও নির্বিচারে গাছ কাটা বন্ধের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, “পরিবেশ দূষণ রোধ এবং চারপাশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমানে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রভাব। নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। অথচ গাছ মানুষ, পশুপাখি ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই নিজেকে ও পরিবেশকে বাঁচাতে নিজ নিজ আঙিনায় বেশি বেশি গাছ লাগাতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন টিপু বলেন, “প্রাকৃতিক বিপর্যয় রোধ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। আসুন, সবাই মিলে গাছ লাগাই এবং পরিবেশকে সবুজ ও বাসযোগ্য করে তুলি।”
