সিবিএন ডেস্ক:
টানা অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরীক্ষা স্থগিতের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর উপজেলার অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগ পোহিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন। অনেকে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তায় পড়ছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য জেলাগুলোতে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা বৈষম্যমূলক। একই প্রশ্নপত্রে সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সব শিক্ষার্থীর জন্য একই নীতি অনুসরণের দাবি জানান তারা। পাশাপাশি চলমান কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগও তুলে ধরেন আন্দোলনকারীরা।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জরুরি বৈঠকে বসেছে। ইতোমধ্যে কয়েকটি বন্যাকবলিত জেলায় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হলেও কক্সবাজারের আন্দোলনরত শিক্ষার্থীরা সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
