দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আইপিভিত্তিক (আইপি) সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয় অনলাইন মনিটরিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষের কার্যক্রম তদারকি, শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, কেন্দ্রীয় অনলাইন মনিটরিং ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামী **১৩ জুলাই, সোমবার, বিকেল ৪টার মধ্যে** নির্ধারিত গুগল ফর্মে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

মাউশি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য না দিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।