নিজস্ব প্রতিবেদক;
চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে ঝোপের ভেতর থেকে ব্রাজিলে তৈরি একটি বিদেশি ৯ এমএম টরাস (Taurus) পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এটি পূর্বে থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি হতে পারে বলে স্থানীয়দের মধ্যে ধারণা থাকলেও, পুলিশ বলছে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চলছে।
শনিবার (১১ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জুয়েল মজুমদার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের সহযোগিতায় ঝোপে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পিস্তলের সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। অস্ত্রটির বাট প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। এক পাশে ‘TAURUS’ এবং অন্য পাশে ‘MADE IN BRAZIL’ খোদাই করা রয়েছে। এছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এটি ব্রাজিলের টরাস (Taurus) কোম্পানির তৈরি ৯ এমএম ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল। প্রাথমিক পর্যবেক্ষণে অস্ত্রটি G3 সিরিজের মডেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও এ ধরনের পিস্তল ব্যবহৃত হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রটি কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত কিনা, অথবা পূর্বে থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত কিনা—তা ব্যালিস্টিক পরীক্ষা ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
উদ্ধারের পর অস্ত্রটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অস্ত্রটি কীভাবে সেখানে এলো, কারা ফেলে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। সব দিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
